নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// দেশে প্রতি বছর জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস পালন করবে সরকার। আর এ দিবসটি হবে ১২ ডিসেম্বর। সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয়ভাবে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়।
দিবসটি ঘোষণা নিয়ে চলতি বছরের ১২ নভেম্বরে আন্ত:মন্ত্রণালয় সভা করে তথ্যপ্রযুক্তি বিভাগ। সভায় সিদ্ধান্তের পর ২২ নভেম্বর তা অর্থ বিভাগের অনাপত্তি পায়।
সেখানে দিবসটি পালনের প্রস্তাবে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকারের অবদান প্রচারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের মধ্যে এর ব্যবহার সম্প্রসারণ সহজ হবে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেন। জনগণ সে ঘোষণায় আস্থা রেখে ২০০৯ সালে আওয়ামী লীগকে নির্বাচিত করার মাধ্যমে জনসেবা করার সুযোগ করে দেয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের পর কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আজ দেশে-বিদেশে প্রশংসিত এবং অনুকরণীয়। দেশের মানুষ এই রূপকল্পের সুফল ভোগ করছে। ফলে এই দিবস ঘোষণা ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের লক্ষ্য অর্জনে আরেকধাপ অগ্রগতি।’
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া